বাড়ল সয়াবিন তেলের দাম
- প্রকাশের সময় : ০৫:৪৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / 3
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়েছে সরকার। ফলে এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ২০৪ টাকায়। এতদিন এর দাম ছিল ১৯৯ টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্য সচিব আতাউর রহমান খান।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুধু বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। খোলা সয়াবিন তেল ও পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বাণিজ্য সচিব বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় আমদানিকারকরা তেলের দাম বাড়ানোর দাবি জানিয়েছিলেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে আরও বেশি দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন লিটারে ১০ টাকা বাড়ানোর সুপারিশ করেছিল। তবে সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় লিটারে ৫ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, ‘সয়াবিন তেলের দাম সমন্বয় করেছে সরকার। বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা থেকে বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে। অর্থাৎ লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছে। তবে খোলা সয়াবিন ও পাম তেলের দাম অপরিবর্তিত থাকবে।’
বাণিজ্য সচিব জানান, বর্তমানে দেশে ভোজ্যতেলের কোনো সংকট নেই। বাজার পরিস্থিতি বিবেচনা করেই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রমজানের আগে ভোজ্যতেলের দাম আবার বাড়ানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তখনকার বাজার পরিস্থিতির ওপর নির্ভর করবে।
সম্প্রতি নতুন বেতন কাঠামো অনুমোদন এবং চিনির দাম বাড়ার পর সয়াবিন তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে কি না জানতে চাইলে বাণিজ্য সচিব বলেন, এর কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে।




















