পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা

- প্রকাশের সময় : ০৯:৫৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / 121

রাজবাড়ীর পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আফিয়ানা জান্নাত মুমু (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার কুরাপাড়া রেলগেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আফিয়ানা জান্নাত মুমু ঢাকার দৌলতপুর এলাকার আব্দুল হাইয়ের মেয়ে। তিনি পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামে তাঁর নানাবাড়িতে বসবাস করতেন বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুমু সকালে কুরাপাড়া রেলগেট এলাকায় বেশ কিছু সময় ধরে ঘোরাফেরা করছিলেন। বেলা ১১টার দিকে খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় তিনি হঠাৎ ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে ট্রেনের তীব্র ধাক্কায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের মা আমেনা বেগম মুঠোফোনে জানান, “আমার মেয়ে বিবাহিত হলেও সে নানাবাড়িতে থাকত এবং আমরা ঢাকায় থাকি। কী কারণে সে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে, সে বিষয়ে আমরা কিছুই জানি না।”
নিহতের স্বামী আকাশ আলী বলেন, “সকালে মুমু আমার কাছে মোবাইল ফোন চেয়েছিল। কিন্তু আমি কাজে যাওয়ার সময় ফোনটি সঙ্গে নিয়ে বের হয়ে যাই। সে কখন বাড়ি থেকে বের হয়েছে জানি না, পরে জানতে পারি সে আর নেই।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।





















