জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী কবির ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
- প্রকাশের সময় : ০৬:৪০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / 16
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী নানা কর্মসূচি শুরু হয়েছে।
কর্মসূচির প্রথম দিন বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬; ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত নজরুল ভাস্কর্যে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন অনলাইনে যুক্ত হয়ে কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এরপর কবির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান, নজরুল মৃত্যুবার্ষিকী উদ্যাপন কমিটি-২০২৬-এর আহ্বায়ক ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ তরিকুল ইসলাম জনি, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক ড. মোহা. আজিজুর রহমান এবং ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম।
এছাড়া কর্মচারী সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, কর্মচারী ইউনিয়নের সভাপতি হারুনুর রশিদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. হাবিবুর রহমান ও সদস্যসচিব মামুন সরকারসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।
দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআন খতম এবং বাদ জোহর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম।
তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩০ আগস্ট বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে কবিতা আবৃত্তি ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শেষ দিন ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

























