এক্সিলারেটের টার্মিনাল চালু: গ্যাসে কিছুটা স্বস্তি, বেড়েছে সরবরাহ
- প্রকাশের সময় : ০৯:৫০:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / 4
মহেশখালীর এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালটি তিন দিন বন্ধ থাকার পর আজ শনিবার চালু হয়েছে।
আজ দুুপুর থেকে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এতে দেশজুড়ে গত কয়েকদিন ধরে যে তীব্র গ্যাস সংকট চলছিল তা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্র জানায়, গ্যাস সরবরাহ বৃদ্ধির পর আজ বিকাল ৪টায় জাতীয় গ্রিডে মোট দুই হাজার ৩০৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। এর মধ্যে দেশীয় উৎস থেকে এক হাজার ৬২১ এবং এলএনজি থেকে ৬৮৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। এই পরিমাণ গত কয়েক দিনের মধ্যে সর্বোচ্চ।
জানা যায়, এক্সিলালেটের টার্মিনালটি থেকে আজ দুপুর ২টায় আবার গ্যাস সরবরাহ শুরু হয়। প্রাথমিকভাবে দিনে প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। অপারেশন স্থিতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে এই পরিমাণ বৃদ্ধি করা হবে।
সংশ্লিষ্টরা জানান, টার্মিনালটিতে এলএনজি সরবরাহকারী জাহাজটি মূলত আগামীকাল রবিবার আসার কথা ছিল। তবে নির্ধারতি সময়ের একদিন আগেই জাহাজটি পৌঁছে যাওয়ায় আজই টার্মিনালটি চালু করা সম্ভব হয়েছে।
এর আগে মজুত এলএনজি শেষ হয়ে যাওয়ার গত ১৯ আগস্ট থেকে টার্মিনালটি থেকে সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল, যা দেশের বিদ্যমান গ্যাস সংকট আরও প্রকট করে তোলে।



















