গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক
- প্রকাশের সময় : ০৮:০২:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / 6
রাজবাড়ী জেলা শহরের রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পেতে যাচ্ছেন। গত সেপ্টেম্বর মাসে তিনি জেলার গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হন।
জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ বছর জেলার গুণী শিক্ষক নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। এর ধারাবাহিকতায় মাধ্যমিক পর্যায়ে জেলার পাঁচটি উপজেলা থেকে পাঁচজন শিক্ষককে নির্বাচিত করা হয়। পরে এই পাঁচ শিক্ষকের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে মো. আব্দুর রাজ্জাক জেলার গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হন।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ৫ অক্টোবর নির্বাচিত গুণী শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হবে।
গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার অনুভূতি জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, ‘জেলার মধ্যে গুণী শিক্ষক নির্বাচিত হওয়া শুধু আমার নিজের অর্জন নয়, এটি প্রতিষ্ঠানেরও অর্জন। আমি চাই, যে গুণাবলির মাধ্যমে আমি এখানে এসেছি, তা যেন সব শিক্ষার্থীর মধ্যে ছড়িয়ে দিতে পারি। এই প্রত্যয় নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।’
সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা প্রদ্যুত কুমার দাস বলেন, প্রতিবছর শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হতো। এবার প্রধানমন্ত্রীর নির্দেশনায় গুণী শিক্ষকদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হচ্ছে। উপজেলা পর্যায়ে নির্বাচিত হওয়ার পর শিক্ষকরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেন। নির্বাচিত প্রত্যেক শিক্ষককে কয়েকটি ধাপ পেরিয়ে আসতে হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নির্বাচিত গুণী শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হবে।






















