বিএনপির মূল কারিগর খালেদা জিয়া : মির্জা ফখরুল
- প্রকাশের সময় : ০১:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 13
বিএনপিকে আজকের অবস্থানে নিয়ে আসার মূল কারিগর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন দলটির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। সকাল ১১টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া ছিলেন একজন অকুতোভয় গণতান্ত্রিক নেতা। তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। নিজের আপসহীন নেতৃত্ব ও সংগ্রামের মধ্য দিয়ে তিনি বারবার বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে এনেছেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।
তিনি বলেন, দীর্ঘদিনের সংগ্রাম-লড়াই, কোনো বিষয়ে আপস না করা, দলকে আগলে রাখা এবং নেতাকর্মীদের আত্মত্যাগের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে খালেদা জিয়া বিএনপিকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। বিএনপি আজ যে একটি সত্যিকারের গণতান্ত্রিক গণদল, তার মূল কারিগরই বেগম খালেদা জিয়া।
মির্জা ফখরুল আরও বলেন, খালেদা জিয়ার আদর্শ ও অনুপ্রেরণা সবসময় দলের নেতাকর্মীদের পথ দেখায়। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া ও মাগফিরাত কামনা করেন।
দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির অসংখ্য নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা অ্যাডভোকেট আবুল হোসেইন মোনাজাত ও দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এর আগে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাকাসহ সারাদেশে দলীয় কার্যালয় ও বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই নয়াপল্টনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।




















