কেয়ামত পর্যন্ত বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না, চ্যালেঞ্জ দিলাম: ফয়জুল করীম
- প্রকাশের সময় : ১০:৫৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / 12
রংপুরে কর্মী সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ছবি: সংগৃহীত
কেয়ামত পর্যন্ত বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় রংপুর টাউন হলে মহানগর ইসলামী আন্দোলন আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চ্যালেঞ্জ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
ফয়জুল করীম বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— ৬ মাসে দেশে ঘুষ-দুর্নীতি বন্ধ করা যায়নি। আমি বলি— বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না, চ্যালেঞ্জ দিলাম।
তিনি বলেন, একমাত্র ইসলামী হুকুমাত কায়েম হলে মানুষের অধিকার বাস্তবায়ন হবে। এটি হলে ১০ বছরের মধ্যে সমস্ত গরিব মানুষ দরিদ্রসীমার ওপরে চলে যাবে। নারীদের ইজ্জত রক্ষা হবে, তারা সমঅধিকার নয়, ন্যায্য অধিকার পাবে।
মুফতি ফয়জুল করীম বলেন, আমরা নির্বাচনের আগে কোরআনের পক্ষে একটি ভোটের বাক্স করেছিলাম। স্টিয়ারিংয়ে ছিলেন পীর সাহেব চরমোনাই। আমাদের কাফেলা চলছিল সাহসের সাথে। আশা ছিল দেশে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা হবে। হঠাৎ করে দেখি স্টিয়ারিংয়ে চরমোনাই পীর সাহেব নেই। আমরা দেখি কাফেলা মদিনা থেকে আমেরিকার দিকে চলে যাচ্ছে। সেজন্য আমরা জোট ত্যাগ করেছিলাম।
তিনি বলেন, আমরা ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারি, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারি না।
এ সময় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের সংগঠনকে শক্তিশালী করতে দাওয়াতি কার্যক্রম বৃদ্ধির আহ্বান জানান তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগরের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ডা. আক্কাস আলী সরকার। বক্তব্য দেন ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবু, সেক্রেটারি মুহা. মাহমুদুর রহমান রিপন সরকার প্রমুখ।






















