‘৭০ অনুচ্ছেদ সংস্কার হলে অলি আহমদই রাষ্ট্রপতি নির্বাচিত হতেন’
- প্রকাশের সময় : ০১:৪৩:০২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / 10
রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার করা হলে ১১ দলীয় ঐকের মনোনীত প্রার্থী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমই নির্বাচিত হতে পারতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ।
সোমবার নির্বাচন কমিশন থেকে অলি আহমদের পক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে জয়-পরাজয় তাদের কাছে মূল বিষয় নয়। বরং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়াই ১১ দলীয় ঐকের লক্ষ্য। রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ রাষ্ট্রপতি নির্বাচন যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যায়, তাহলে গণতন্ত্রের চর্চা বাধাগ্রস্ত হয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের আওতায় আসত। তখন সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেতেন। সে ক্ষেত্রে অলি আহমদের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা ছিল।
জামায়াতের এই নেতা অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও পরবর্তী সময়ে গণভোটে জনগণের দেওয়া রায় বিএনপি বাস্তবায়ন করেনি। এর ফলে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়নি।
অলি আহমদের রাজনৈতিক ও মুক্তিযুদ্ধের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ১১ দলীয় ঐক্য এমন একজন প্রার্থীকে বেছে নিয়েছে, যিনি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও রণাঙ্গনের সাবসেক্টর কমান্ডার ছিলেন। তিনি চারবার মন্ত্রী এবং ছয়বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা রয়েছে বলেও দাবি করেন হামিদুর রহমান আযাদ।
এর আগে রোববার ১১ দলীয় ঐকের নেতাদের বৈঠক শেষে অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। সোমবার বেলা সোয়া ১১টার দিকে নির্বাচন কমিশনে গিয়ে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন হামিদুর রহমান আযাদ।
তিনি জানান, অলি আহমদের পক্ষে মনোনয়ন ফরম আগামী ১৩ আগস্ট সকাল ১১টায় দাখিল করা হবে।



















