প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান ১ অক্টোবর
- প্রকাশের সময় : ১১:৩৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 21
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’-এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের নতুন তারিখ নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন।
রোববার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগযোগ্য শূন্য পদে নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে। যোগদানের পর তাদের পদায়ন সম্পন্ন করা হবে এবং পরবর্তীতে পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
এর আগে, ১ আগস্ট মন্ত্রণালয়ের এক জরুরি ভার্চ্যুয়াল সভায় যোগদানের সম্ভাব্য তারিখ হিসেবে ২৯ অক্টোবর বিবেচনা করা হয়েছিল। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ১ অক্টোবরকেই চূড়ান্ত যোগদানের তারিখ নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, এ প্রক্রিয়ায় ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। পদায়ন শেষে তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হবে।
উল্লেখ্য, চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলে ১৪ হাজার ৩৮৪ জনকে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। তবে বিভিন্ন প্রশাসনিক ও প্রক্রিয়াগত কারণে এতদিন তাদের যোগদান বিলম্বিত হয়।




















