‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি হেফাজতে ইসলামের
- প্রকাশের সময় : ০৭:৩০:৪২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / 4
নোয়াখালীতে অনুষ্ঠিত ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’কে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির দাবি, ‘হিজবুত তাওহীদ’কে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করে তাদের কার্যক্রম, প্রকাশনা ও অনলাইন প্ল্যাটফর্ম বন্ধ করতে হবে।
শনিবার (১ আগস্ট) দুপুরে নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে জমইয়্যাতুল মাদারিসিল কওমিয়া নোয়াখালী-লক্ষ্মীপুর, ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটিসহ তিনটি ইসলামী সংগঠনের যৌথ উদ্যোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী অভিযোগ করেন, ‘হিজবুত তাওহীদ’ সেবামূলক কর্মকাণ্ডের আড়ালে বিভ্রান্তিকর কার্যক্রম পরিচালনা করছে। তাঁর দাবি, এ ধরনের কর্মকাণ্ড দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে। তাই সংগঠনটিকে সরকারিভাবে নিষিদ্ধ করার আহ্বান জানান তিনি।
সমাবেশের দুই অধিবেশনে জমইয়্যাতুল মাদারিসিল কওমিয়া নোয়াখালী-লক্ষ্মীপুরের সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার আমির মাওলানা নিজাম উদ্দিন সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতি মুঈনুদ্দিন তৈয়বপুরী ও মাওলানা মহিউদ্দিন।
সমাবেশে আরও বক্তব্য দেন জামিয়া আহলিয়া দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কুরাইশী, খতমে নবুওত সংরক্ষণ কমিটির আমির আল্লামা আব্দুল হামিদ মধুপুরী, ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরার মহাপরিচালক মুফতি আরশাদ রহমানী, জামেয়া ওবায়দিয়া নানুপুরের মুহতামিম আল্লামা সালাউদ্দিন নানুপুরী, ইসলামী মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আল্লামা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শায়খ সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম, মাওলানা আজিজুল্লাহ নবাব, মাওলানা সিদ্দিক আহমদ নোমান এবং মাওলানা নুরুল ইসলাম।
এ সময় নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, ব্যবসায়ী নেতা মো. ইকরাম উল্লাহ ডিপটি, বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা সরকারের প্রতি কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—‘হিজবুত তাওহীদ’কে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা, তাদের প্রকাশিত বই-পুস্তক, পত্রপত্রিকা ও ওয়েবসাইট বন্ধ, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব জব্দ এবং সারাদেশে ‘হিজবুত তাওহীদ’ কর্তৃক বিভিন্ন নিরীহ মুসলমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার করতে হবে।
এ ছাড়া ঘোষিত দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান এবং আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সেমিনার, মাহফিল ও মতবিনিময়সহ ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।



















