প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি
- প্রকাশের সময় : ০৬:১৩:১০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / 3
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে আবারও সাময়িক অব্যাহতি দিয়েছে দল। একই সঙ্গে তাঁর কাছে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সালাউদ্দিন তানভীর। এর আগে জুলাই গণ-অভ্যুত্থানের পর জেলা প্রশাসক নিয়োগে হস্তক্ষেপ এবং কমিশন বাণিজ্যের অভিযোগে তাঁকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
এনসিপি সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) প্রধানমন্ত্রীকে নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আপত্তিকর পোস্ট করেন সালাউদ্দিন তানভীর। পরে সমালোচনার মুখে তিনি পোস্টটি মুছে ফেললেও এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওই রাতেই এনসিপির পক্ষ থেকে তাঁকে সাময়িক অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে বলা হয়েছে, কেন তাঁর বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা জমা দিতে হবে।
এনসিপির প্রকাশিত চিঠিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং এটি গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের শামিল। বিষয়টির গুরুত্ব বিবেচনায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাঁকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে সচিবালয়ে প্রবেশ করে জেলা প্রশাসক নিয়োগে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাজে কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠার পর ২০২৫ সালের এপ্রিলে সালাউদ্দিন তানভীরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে অভিযোগ প্রমাণিত না হওয়ায় গত ১৬ এপ্রিল তাঁকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয়। তবে প্রায় সাড়ে তিন মাসের মাথায় আবারও তিনি সাময়িক অব্যাহতির মুখে পড়লেন।
এদিকে, সাময়িক অব্যাহতির চিঠি প্রকাশের কিছু সময় পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন সালাউদ্দিন তানভীর।

















