জুলাই সনদের আলোকেই আইন সংস্কার বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী
- প্রকাশের সময় : ০৮:২২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / 3
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে। প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।
শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষরোপণ ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকে অন্তর্বর্তীকালীন সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। আমরা সেই অধ্যাদেশগুলোর মধ্যে প্রায় সবগুলো সংস্কারই গ্রহণ করেছি। এর বাইরে যেগুলো রয়েছে, সেগুলো সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। জুলাই সনদের আলোকে প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনের কাজ এগিয়ে নেওয়া হবে।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, তিনি যদি দেশে ফিরতে চান, তাহলে সরকার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি নিজেই বলেছেন দেশে ফিরবেন। তিনি দেশে এলে আদালতের মুখোমুখি হবেন। সরকার আইনের বাইরে কোনো পদক্ষেপ নেবে না।
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলা সম্পর্কে আইনমন্ত্রী বলেন, সরকার যদি আইন, আদালত, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ন্ত্রণ করত, তাহলে ওই ঘটনায় মামলাই হতো না। যেহেতু মামলা হয়েছে, তাই আইন অনুযায়ী তদন্ত হবে এবং তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।























