মরক্কো সীমান্তে নজিরবিহীন অনুপ্রবেশ, সেনা পাঠাচ্ছে স্পেন
- প্রকাশের সময় : ০২:০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / 10
উত্তর আফ্রিকার মরক্কো সীমান্তঘেঁষা স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় একদিনে হাজারো অভিবাসীর নজিরবিহীন অনুপ্রবেশের ঘটনায় সীমান্ত নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে স্পেন সরকার। সীমান্ত প্রাচীর অতিক্রম ও সাগরপথে প্রবেশের চেষ্টার সময় ডুবে ও পদদলিত হয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেউতার স্থানীয় প্রশাসন জরুরি সহায়তা চাইলে মাদ্রিদ দ্রুত সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা পরিস্থিতি পর্যালোচনায় শুক্রবার সেউতা সফর করবেন।
স্পেন সরকার জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেখানে দায়িত্বরত সিভিল গার্ডকে সহায়তা করতেই সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। বৃহস্পতিবার মরক্কোর দিক থেকে শত শত মানুষ সীমান্ত প্রাচীর টপকে এবং সাঁতরে সেউতায় প্রবেশের চেষ্টা করলে পুরো সীমান্ত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
সেউতার সিভিল গার্ড কর্মকর্তাদের সংগঠনের প্রধান রশিদ সবিহি বলেন, সীমান্ত ব্যবস্থাপনা কার্যত ভেঙে পড়েছে এবং ঠিক কতজন অনুপ্রবেশ করেছে, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। উত্তর মরক্কোর মানবাধিকারকর্মীরাও ঘটনাটিকে নজিরবিহীন সংকট হিসেবে বর্ণনা করেছেন।
এদিকে, তারাফাল সীমান্ত এলাকায় কীভাবে একযোগে এত বিপুলসংখ্যক মানুষ নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করল, তা তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


















