যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
- প্রকাশের সময় : ০৪:১৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 7
যশোর-৪ (অভয়নগর ও বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের যশোর শহরের নীলগঞ্জ এলাকার বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় শত শত মানুষ। এ সময় এমপির বাড়িতে হামলার অভিযোগও উঠেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভের একপর্যায়ে যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, নীলগঞ্জ এলাকার আল মাদ্রাসাতুশ শারইয়াহ ও সংশ্লিষ্ট মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে মঙ্গলবার সকালে এমপি গোলাম রসুল ও তাঁর মেয়ে অনন্যার বিরুদ্ধে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী আয়ান এবং রেক্সনা নামে এক নারীর ওপর হামলার অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, হামলায় ওই নারীর মাথা ফেটে যায়।
জানা গেছে, সোমবার (২৭ জুলাই) রাতে দুই পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসা হলেও মঙ্গলবার সকালে মাদ্রাসা খুললে সেটি বন্ধ রাখতে বলেন এমপি গোলাম রসুল—এমন অভিযোগের পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সকাল ১০টার দিকে তারা এমপির বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাদের ভাষ্য, মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘদিন ধরেই এমপি গোলাম রসুল ও তাঁর মেয়ে দুর্ব্যবহার করে আসছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে এমপির এক স্বজন ঘটনাস্থলে এলে বিক্ষুব্ধ জনতার একাংশ তাঁকে মারধর করে। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন এবং এমপি ও তাঁর মেয়ের বিচারের দাবি জানান।
খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) জানান, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এমপির বাড়ির সামনে বিক্ষোভ অব্যাহত ছিল এবং যশোর-নড়াইল মহাসড়কে যান চলাচল আংশিকভাবে ব্যাহত হচ্ছিল।
এ বিষয়ে এমপি গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনা বলেন, তাঁর মেয়ে মানসিক সমস্যায় ভুগছেন। তিনি দাবি করেন, মাদ্রাসা বন্ধ থাকলেও সেখানে শিশুরা বিভিন্ন সময় এসে গোলযোগ সৃষ্টি করে। এর প্রতিবাদ করেছিলেন তাঁর মেয়ে অনন্যা। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে শত্রুতা তৈরি হয়েছে। এখন অহেতুকভাবে তাদের বাড়িতে হামলা চালিয়ে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে বলেও দাবি করেন তিনি।



















