যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান
- প্রকাশের সময় : ১১:২৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 12
যুক্তরাষ্ট্র যতদিন ইরানে সামরিক অভিযান বন্ধ রাখবে, ততদিন মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা থেকেও বিরত থাকবে ইরান। নাম প্রকাশ না করার শর্তে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন ইরানের ক্ষমতাসীন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
শনিবার ও রোববার রাতে ইরানের কোনো সামরিক বা বেসামরিক স্থাপনায় হামলা চালায়নি মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সময়ে মধ্যপ্রাচ্যে অবস্থিত কোনো মার্কিন ঘাঁটিতেও হামলা চালায়নি ইরানের প্রতিরক্ষা বাহিনী। এর আগে টানা ১৩ দিন ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, যুদ্ধ শুরুর পর থেকেই ইরান ‘হামলার বদলে হামলা’ নীতি অনুসরণ করছে। তাই যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও পাল্টা সামরিক অভিযান স্থগিত রাখবে। এ বিষয়ে ওয়াশিংটনকে ইতোমধ্যে বার্তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দীর্ঘদিনের উত্তেজনার পর গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধের বর্তমান পর্যায়ে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে।
যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে তেহরান। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ে। বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন হতো।
ইরানের দাবি, হরমুজ প্রণালি তাদের ভূখণ্ডের অংশ হওয়ায় এখন থেকে এ পথ ব্যবহারকারী বিদেশি বাণিজ্যিক জাহাজকে টোল দিতে হবে। তবে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এই দাবির তীব্র বিরোধিতা করছে।
এই বিরোধের মধ্যেই দুই সপ্তাহ আগে হরমুজ প্রণালিতে চলাচলকারী দুটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা চালায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এরপরই দুই দেশের মধ্যে টানা ১৩ দিনের হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।
সাম্প্রতিক দুই দিনের বিরতির বিষয়ে জাতিসংঘে মার্কিন প্রতিনিধি দলের সদস্য মাইক ওয়াল্টজ বলেন, কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িকভাবে হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি ফক্স নিউজ সানডেকে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প কূটনীতিকে আরও কিছুটা সুযোগ দিতে চান। এ কারণেই হামলায় বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
সূত্র: রয়টার্স
























