সৌদিতে এক সপ্তাহে ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৭:৩৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 89
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (২৬ জুলাই) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
বিবৃতিতে বলা হয়, ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে মোট ১৪ হাজার ৯৭০ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৭ হাজার ৪৩৭ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৯৯১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৫৪২ জন রয়েছেন।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে আরও ১ হাজার ৬২৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ার, ৩৭ শতাংশ ইয়েমেনের এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে অবৈধভাবে দেশত্যাগের চেষ্টার অভিযোগে আরও ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে ১৮ জনকেও আটক করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে ১৩ হাজার ২৫১ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ১৭ হাজার ৭৪৭ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ৬ হাজার ১১৩ জনকে দেশে ফেরার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে ৩০ হাজার ৫৪৬ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে ২৮ হাজার ৫৫৭ জন পুরুষ এবং ১ হাজার ৯৮৯ জন নারী।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে দেশে প্রবেশে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে দেশটির সরকার বারবার সতর্কবার্তা দিয়ে আসছে।
বর্তমানে সৌদি আরবে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস এবং বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সেখানে কর্মরত রয়েছেন।
সূত্র : গালফ নিউজ
























