রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৬:০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / 8
ডিজিটাল যুগে মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার এবং গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে রাজবাড়ীতে ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি’ (স্বাধীনতা) প্রকল্পের আওতায় একটি হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) রাজবাড়ী পৌর শহরের পান্না চত্বর এলাকার পালকি চাইনিজ রেস্টুরেন্টে এ কর্মশালার আয়োজন করা হয়।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় ঢাকা বিভাগের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে ‘ব্রেকিং দ্য সাইলেন্স’।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন ব্রেকিং দ্য সাইলেন্সের আইটি অ্যান্ড কমিউনিকেশন অফিসার এবং স্বাধীনতা প্রকল্পের ফোকাল পারসন মো. নুরে আলম। ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন শাহজাদা শেখ ও সনিয়া আক্তার সুইটি।
অরিয়েন্টেশনে মানবাধিকার, মৌলিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা, ভুল তথ্য (মিসইনফরমেশন), অপতথ্য (ডিসইনফরমেশন) এবং বিভ্রান্তিকর তথ্য মোকাবিলার কৌশল, অনলাইন হয়রানি ও সাইবার নিরাপত্তা ঝুঁকি, ফ্যাক্ট-চেকিং, ইন্টারনেটের নিরাপদ ব্যবহার এবং প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এতে রাজবাড়ী জেলার বিভিন্ন সংগঠনের ৩০ জন তরুণ প্রতিনিধি অংশ নেন। অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল ভলান্টিয়ার ফর বাংলাদেশ, বিএনসিসি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, বিডি ক্লিনসহ বিভিন্ন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন।
আয়োজকরা জানান, ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করা এবং তরুণদের মধ্যে মানবাধিকার, ডিজিটাল সচেতনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা প্রসারের লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। অরিয়েন্টেশনে অংশগ্রহণকারী তরুণরা অর্জিত জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্র ও সমাজে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ প্রকল্পের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন।
























