কয়েকদিন পরই কাটার কথা ছিল পাট, রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন
- প্রকাশের সময় : ০৪:২৮:১১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / 16
রাজবাড়ীর পাংশা উপজেলায় এক কৃষকের আবাদ করা পাটক্ষেত রাতের আঁধারে ভেঙে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।
জানা গেছে, উপজেলার মেঘনা খামারপাড়া মাঠে ২০ শতাংশ জমিতে পাটের আবাদ করেছিলেন কৃষক বাবুল মোল্লা। দীর্ঘদিনের পরিচর্যায় বড় হয়ে ওঠা পাটগাছগুলো কয়েক দিনের মধ্যেই কাটার কথা ছিল। তবে শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাতে দুর্বৃত্তরা তার জমিতে প্রবেশ করে অধিকাংশ পাটগাছের মাথা ভেঙে দেয়। এতে পুরো ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ভুক্তভোগী কৃষক বাবুল মোল্লা জানান, শুক্রবার বিকেলে তিনি অন্যান্য দিনের মতো পাটক্ষেত দেখে বাড়ি ফেরেন। তখন সবকিছু স্বাভাবিক ছিল। শনিবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে পাট কাটতে গিয়ে দেখেন, ২০ শতাংশ জমির অধিকাংশ পাটগাছ ভেঙে ফেলা হয়েছে। তার অভিযোগ, গ্রামের কয়েকজনের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।
তিনি বলেন, পাট চাষে তার অনেক শ্রম, সময় ও অর্থ ব্যয় হয়েছে। ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এমন ঘটনায় তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ঘটনার পর ভুক্তভোগী পাংশা মডেল থানায় মৌখিক অভিযোগ করেছেন।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, মৌখিক অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















