ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ
- প্রকাশের সময় : ০৫:৩৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / 71
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক আবু তৌহিদ মো. সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ফোনে তাকে হত্যার হুমকি দেওয়া হয় এবং বাসা পরিবর্তন করার পরামর্শ দেওয়া হয়।
সিয়ামের অভিযোগ, হুমকিদাতা হিসেবে তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ নাঈমকে চিহ্নিত করেছেন।
সিয়াম বলেন, অভিযুক্ত ব্যক্তি তার পূর্বপরিচিত। তবে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকে তাদের মধ্যে আর নিয়মিত যোগাযোগ ছিল না। তিনি দাবি করেন, “মেসেঞ্জারে কয়েকবার ফোন দেওয়ার পর আমি কলটি রিসিভ করি। কথোপকথনের একপর্যায়ে সে আমাকে প্রচ্ছন্নভাবে প্রাণনাশের হুমকি দেয় এবং আমার ছাত্রলীগবিরোধী কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে বাসা পরিবর্তন করতে বলে।”
তিনি আরও বলেন, “এ ধরনের হুমকিতে আমি বিচলিত নই। তবে এ ধরনের ঘটনা ঘটছে কারণ সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ বিচার হয়নি।”
সিয়াম জানান, এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর ভাষ্য, “ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে আমাদের দমিয়ে রাখা যাবে না।”
তবে এ অভিযোগের বিষয়ে শেখ মোহাম্মদ নাঈমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।






















