ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু
- প্রকাশের সময় : ০৫:২১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / 3
ইউরোপজুড়ে চলমান ভয়াবহ তাপপ্রবাহে ফ্রান্সে অতিরিক্ত অন্তত ১ হাজার মানুষের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে।
রোববার দেশটির জনস্বাস্থ্য বিষয়ক সংস্থা স্যঁতে পাবলিক এক পরিসংখ্যানে এ তথ্য জানায়। সংস্থাটি বলেছে, তাপপ্রবাহজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় আরও অনেকে মারা গেছেন, যাদের তথ্য এখনো পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয়নি। ফলে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে।
সংস্থাটির প্রাথমিক হিসাব অনুযায়ী, মৃতদের বেশিরভাগই ৬৫ বছর বা তার বেশি বয়সী। এছাড়া কেয়ার হোম ও বাসাবাড়ির মৃত্যুর তথ্য যুক্ত হলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বর্তমানে ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে কোটি কোটি মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। অতীতের সব রেকর্ড ভেঙে দেওয়া এই তাপপ্রবাহে ইতোমধ্যে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে এবং অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিজ্ঞানীদের মতে, গত ২০ জুন থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে ভয়াবহ। বৈশ্বিক গড়ের তুলনায় ইউরোপের জলবায়ু দ্রুত পরিবর্তিত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
ফ্রান্সের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশের বেশিরভাগ এলাকায় চরম গরম কমলেও উত্তর-পূর্বাঞ্চলের কিছু অঞ্চল এখনও তাপপ্রবাহের সতর্কবার্তার আওতায় রয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্তেফানি রিস্ট বলেছেন, আবহাওয়া স্বাভাবিক হলেও তাপপ্রবাহের প্রভাব আরও প্রায় ১০ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। তিনি সতর্ক করে বলেন, এই দুর্যোগ এখনো শেষ হয়নি।
সূত্র: এএফপি






















