জাবিতে নতুন বিভাগ চালুর আগে মাস্টারপ্ল্যানের দাবি, শিক্ষার্থীদের স্মারকলিপি
- প্রকাশের সময় : ০৫:৫৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / 5
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নতুন বিভাগ চালুর আগে সমন্বিত একাডেমিক মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং বিদ্যমান বিভাগগুলোর অবকাঠামোগত ও একাডেমিক সংকট নিরসনের দাবি জানিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন কয়েকটি ছাত্রসংগঠন ও শিক্ষার্থী প্ল্যাটফর্মের নেতারা।
শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের কাছে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সিনেট সভায় প্রস্তাবিত ছয়টি নতুন বিভাগ চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। তবে বিদ্যমান সমস্যার সমাধান না করে নতুন বিভাগ চালু করা হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সংকট আরও তীব্র হতে পারে।
এতে উল্লেখ করা হয়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৩৭টি বিভাগই পূর্ণাঙ্গ একাডেমিক মাস্টারপ্ল্যানের আওতায় পরিচালিত হচ্ছে না। অনেক বিভাগ শিক্ষকসংকট, শ্রেণিকক্ষ ও গবেষণাগারের (ল্যাব) অপ্রতুলতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতায় ভুগছে। এছাড়া নতুন বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আবাসনের বিষয়েও কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই বলে স্মারকলিপিতে দাবি করা হয়।
এ অবস্থায় সমন্বিত একাডেমিক মাস্টারপ্ল্যান প্রণয়ন না করে নতুন বিভাগ চালুর সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে বিদ্যমান বিভাগগুলোর সংকট নিরসনকে অগ্রাধিকার দেওয়ার দাবি তোলা হয়।
স্মারকলিপিতে আরও কয়েকটি প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—পুরোনো বিভাগগুলোর সংকট সমাধানের আগে নতুন বিভাগ না খোলা, গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, গবেষণা কেন্দ্রগুলো কার্যকর করা, থিসিস গবেষণার জন্য ন্যূনতম ১০ হাজার টাকা বরাদ্দ নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ছাপাখানা স্থাপন, বিভাগগুলোর শ্রেণিকক্ষ ও ল্যাবসংকট দূর করা, পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার বাস্তবায়ন, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু, সান্ধ্যকালীন ও উইকেন্ড কোর্স বন্ধ এবং বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ অটোমেশন ব্যবস্থা চালু করা।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ফাইজান আহমেদ অর্ক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক সজিব আহম্মেদ জেনিচ, বিপ্লবী ছাত্র মৈত্রীর সংগঠক সোমা ডুমরী, জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলনের সানজিদা আফরিন এবং ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’-এর তাসনীম ইয়াসমীন তন্বী।

























