প্রতিমা ভাঙচুরের অভিযোগে মানসিক প্রতিবন্ধী যুবককে নির্যাতনের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক
- প্রকাশের সময় : ০৯:৫৮:১২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / 32
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় একটি কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে এক মানসিক প্রতিবন্ধী যুবককে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২০ জুন) সকাল ৭টার দিকে উপজেলার বালিয়াকান্দি ইউনিয়নের চামটা ১৫ পল্লী মহাশ্মশান কালী মন্দির প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আহত শফিউদ্দিন (৩৮) ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার খারদিয়া দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মন্দির এলাকায় শফিউদ্দিনকে দেখতে পান কয়েকজন ব্যক্তি। একই সময়ে মন্দিরের কালী প্রতিমার কিছু অংশ ভাঙা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে মন্দিরের একটি সিমেন্টের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। পরে কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনাস্থলে গিয়ে মারধরের আলামত হিসেবে ভাঙা কলাগাছের ডাটা ও কিছু লাকড়ি পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয়দের দাবি, মন্দিরটি অরক্ষিত অবস্থায় ছিল।
মন্দির কমিটির সাবেক সভাপতি ও শিক্ষক পলাশ কুমার বিশ্বাস জানান, স্থানীয় এক ব্যক্তির ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন, কয়েকজন ব্যক্তি শফিউদ্দিনকে বেঁধে রেখেছেন। পরে তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ঘটনার খবর পেয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান তালুকদার এবং রাজবাড়ী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানবাধিকারকর্মী ও স্থানীয় সচেতন মহল ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



















