জাবির সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন হলেন ড. শরিফুল হুদা
- প্রকাশের সময় : ০৬:০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / 13
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা।
মঙ্গলবার (০৯ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, “কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় উক্ত দায়িত্ব পালনের লক্ষ্যে তাঁর অনুরোধের প্রেক্ষিতে তাঁকে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব হতে অব্যাহতি প্রদানপূর্বক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্টের প্রথম সংবিধির ৮(২) ধারা অনুযায়ী ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদাকে যোগদানের তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন নিয়োগ করা হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।”
অফিস আদেশে বিদায়ী ও নবনিযুক্ত ডিনদ্বয়কে দায়িত্ব হস্তান্তর/গ্রহণের সার্টিফিকেটসমূহ যথাযথ কর্তৃপক্ষের নিকট জমাদানের জন্য অনুরোধ করা হয়েছে।


























