আলিম পরীক্ষার সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ
- প্রকাশের সময় : ১২:১৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / 13
আসন্ন আলিম পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে দেশের সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড।
সোমবার (৮ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদ স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার হল, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষ, অফিস কক্ষ এবং প্রশ্নপত্র খোলার কক্ষসহ গুরুত্বপূর্ণ সব স্থানে সিসিটিভি ক্যামেরা থাকতে হবে। যেসব কেন্দ্রে এখনো ক্যামেরা স্থাপন করা হয়নি, সেগুলোকে আগামী ২০ জুনের মধ্যে কাজ সম্পন্ন করতে বলা হয়েছে।
এ ছাড়া কেন্দ্রপ্রধানদের সিসিটিভি-সংক্রান্ত তথ্য বোর্ডের ওয়েবসাইটে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্নপত্র গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণকারী শিক্ষক ও কর্মকর্তাদের তথ্যও বোর্ডে পাঠাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার নিরাপত্তার স্বার্থে সব ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজন হলে তা কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে।
























