ইরান যুদ্ধ থামাতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস, চাপে ট্রাম্প
- প্রকাশের সময় : ০৯:৩৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / 24
কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে সামরিক অভিযান পরিচালনার ক্ষমতা সীমিত করতে একটি প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস)।
স্থানীয় সময় বুধবার (৩ জুন) ডেমোক্র্যাটদের উত্থাপিত ‘ওয়ার পাওয়ারস’ প্রস্তাবটি ২১৫-২০৮ ভোটে পাস হয়। ভোটাভুটিতে চারজন রিপাবলিকান সদস্যও ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দেন। রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও প্রস্তাবটি পাস হওয়াকে ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
প্রস্তাবে কংগ্রেসের অনুমোদন ছাড়া চলমান ইরান যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে। তবে এটি কার্যকর হতে হলে সিনেটেও পাস হতে হবে। এছাড়া প্রেসিডেন্টের সম্ভাব্য ভেটো অতিক্রম করতে উভয় কক্ষেই দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন হবে।
বিশ্লেষকদের মতে, আইনে পরিণত না হলেও এই ভোট ট্রাম্পের ওপর রাজনৈতিক চাপ বাড়াবে। এর আগে প্রতিনিধি পরিষদে এ ধরনের তিনটি উদ্যোগ ব্যর্থ হলেও প্রতিবারই ভোটের ব্যবধান কমেছে।
সমালোচকদের অভিযোগ, ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেন এবং এটিকে ‘স্বল্পমেয়াদি সামরিক অভিযান’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন। অথচ যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের হাতে ন্যস্ত।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। আগামী শনিবার এ সংঘাতের ১০০ দিন পূর্ণ হবে। যদিও ৮ এপ্রিল থেকে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তারপরও উভয় পক্ষের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
সূত্র: আল জাজিরা




















