আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু : স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা
- প্রকাশের সময় : ০৮:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / 5
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেনের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
বুধবার (৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর কাছে জমা দিয়েছে। এ ঘটনায় স্বাস্থ্য অধিদফতর গঠিত কমিটি বৃহস্পতিবার (৪ জুন) তাদের প্রতিবেদন জমা দেবে। এদিন বিকেল ৪টায় স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমের সামনে কথা বলবেন।
এর আগে, বুধবার (২৭ মে) ভোরে আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একসাথে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনার কারণ অনুসন্ধানের জন্য পৃথকভাবে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়।
ঘটনার পরপরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকেও পৃথকভাবে তিন সদস্যের আরো একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
এছাড়াও আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ অভ্যন্তরীণ কোনো ত্রুটি বা অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে হাসপাতালটির নিজস্ব একটি তদন্ত কমিটি গঠন করে। তারা ইতোমধ্যেই তাদের তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে। বাসস




















