গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ মাদক কারবারি গ্রেপ্তার
খোরশেদ আলম, নওগাঁ:
- প্রকাশের সময় : ০১:১৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 2
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশ এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে ১৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল মাদকদ্রব্য ট্যাবলেটসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দুটি পৃথক অভিযান পরিচালনা করে।
নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন ২ নম্বর চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজারে মো. বদিউজ্জামানের স্যানিটারি কারখানার সামনে এই অভিযান পরিচালিত হয়। এ সময় মো. আমিনুল ইসলাম (৪৩) ও মো. বাবুল ইসলাম ওরফে বাবুকে (৩৮) আটক করা হয়। উপস্থিত লোকজনের সামনে তল্লাশি চালিয়ে ১ নম্বর আসামি আমিনুল ইসলামের হেফাজত থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ২ নম্বর আসামি বাবুল ইসলাম ১ নম্বর আসামিকে এই মাদক বিক্রির কাজে সহায়তা করে আসছিলেন।
একই দিনে নিয়ামতপুর থানাধীন ২ নম্বর চন্দননগর ইউনিয়নের ছাতড়া বিলের যাত্রী ছাউনির সামনে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. হাফিজুল ইসলাম (৩০), মো. দেলোয়ার হোসেন (৩৬) এবং মো. রনি হাসানকে (২৪) আটক করা হয়। উপস্থিত লোকজনের সামনে তল্লাশি চালিয়ে ১ নম্বর আসামি হাফিজুল ইসলামের হেফাজত থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এই মাদক বিক্রির ক্ষেত্রে দেলোয়ার হোসেন ও রনি হাসান ১ নম্বর আসামিকে সহায়তা করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।
উক্ত দুটি ঘটনার প্রেক্ষিতে নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Tag :















