সামনে কঠিন সময়, হেসেখেলে চললে দেশের অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী
- প্রকাশের সময় : ০৬:৫৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
- / 25
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দেশে একটি বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব গ্রহণ করেছে। দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এ সময় হেসেখেলে চললে দেশের অনেক ক্ষতি হবে।
রোববার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে এমন একটি অবস্থানে নিয়ে গিয়েছিলেন, যেখানে মানুষ জিয়া ও বাংলাদেশকে একাকার করে দেখত। সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি দেশে ব্যাপক পরিবর্তন এনেছিলেন। জিয়াউর রহমানের সেই পথ অনুসরণ করেই বর্তমান সরকার দেশ পরিচালনার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, মানুষ তাদের কাছেই প্রত্যাশা করে, যাদের কাছ থেকে কিছু পাওয়ার আশা থাকে। তাই জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
দেশে সামাজিক, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের ঘাটতি দেখা যাচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এসব মূল্যবোধ কীভাবে শিশুদের মধ্যে গড়ে তোলা যায়, সে বিষয়ে তথ্য ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য তাঁর কর্মপন্থা ও মূল্যবোধ ধারণ করা প্রয়োজন।




















