রাস্তায় কোরবানির বর্জ্য, দুই কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- প্রকাশের সময় : ০৮:২৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
- / 126
ঈদুল আজহার পর রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৯ মে) বিকেলে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। তারা দুজনই উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তা।
জানা গেছে, রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রীণরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্য এবং আগে থেকে জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি প্রধানমন্ত্রী সরেজমিনে পর্যবেক্ষণ করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দায়িত্বে অবহেলার কারণে তাৎক্ষণিকভাবে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।






















