হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১৬ শিশুর মৃত্যু
- প্রকাশের সময় : ০৬:০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / 154
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গে ১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪৩৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ছিল ১ হাজার ৩০৬ জন। আর গত ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৮১৩ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ১২৮ জন। ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা ৮ হাজার ৬২২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ৫৫৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৬ হাজার ২১৪ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট ৮৬ জনের মৃত্যু হয়েছে।






















