বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে ২৭ কিমি জমি দিলেন শুভেন্দু
- প্রকাশের সময় : ০৯:৪৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / 19
ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফকে ২৭ কিলোমিটার জমি হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গ সরকার। বুধবার কলকাতার রাজ্য সচিবালয় নবান্নে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি জানান, গত ১১ মে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই প্রাথমিকভাবে ২৭ কিলোমিটার জমি বুঝিয়ে দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, “দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকার ও বিএসএফ সীমান্ত সুরক্ষার জন্য জমি চেয়ে আসছিল। কিন্তু আগের সরকার এ বিষয়ে সহযোগিতা করেনি। ফলে রাজ্য ও দেশের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছিল।”
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের মোট সীমান্ত প্রায় ৪ হাজার কিলোমিটার, যার মধ্যে পশ্চিমবঙ্গ অংশে রয়েছে প্রায় ২ হাজার ২০০ কিলোমিটার সীমান্ত। এর মধ্যে প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটারে কাঁটাতারের বেড়া রয়েছে, আর প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এখনো অরক্ষিত।
মুখ্যমন্ত্রী দাবি করেন, এর মধ্যে ৫৫৫ কিলোমিটার এলাকায় রাজ্য সরকার চাইলে জমি দিতে পারত, কিন্তু পূর্ববর্তী সরকার তা করেনি। তিনি বলেন, এখন থেকে সীমান্ত সমন্বয় বৈঠক নিয়মিত আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিএসএফের মহাপরিচালক প্রবীণ কুমার বলেন, খুব দ্রুত নতুন কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্ত চৌকি স্থাপনের কাজ শুরু হবে। বিশেষ করে সুন্দরবন অঞ্চলে নিরাপত্তা জোরদারে নতুন পদক্ষেপ নেওয়া হবে।
তিনি জানান, সীমান্ত চোরাচালানের সঙ্গে জড়িতদের একটি তালিকা ইতোমধ্যে রাজ্য সরকারের কাছে দেওয়া হয়েছে। অবকাঠামোগত উন্নয়ন হলে সীমান্ত আরও নিরাপদ হবে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে সংবাদ সম্মেলনে অনুপ্রবেশ ইস্যুতেও কঠোর অবস্থানের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে।
তিনি আরও বলেন, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) অনুযায়ী নির্ধারিত সাতটি সম্প্রদায়ের মানুষ সুরক্ষা পাবেন। তবে যারা এই আইনের আওতায় পড়বেন না, তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করে আটক, গ্রেফতার ও ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।























