অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
- প্রকাশের সময় : ১২:১৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / 120
অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চল ক্যাম্পবেলটাউনে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে ৪৭ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত সুমন আহমেদকে গ্রেপ্তার ও আদালতে হাজির করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার রাতে রেমন্ড অ্যাভিনিউর একটি বাড়ি থেকে ৪৬ বছর বয়সী এক নারী এবং ১২ ও ৪ বছর বয়সী দুই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনজনের মরদেহ আলাদা তিনটি কক্ষে পাওয়া যায় এবং তাদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
পুলিশ জানায়, ঘটনার পর ওই ব্যক্তি নিজেই জরুরি সেবায় ফোন করে স্ত্রী ও সন্তানদের ছুরি দিয়ে হত্যার কথা স্বীকার করেন। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে ক্যাম্পবেলটাউন স্থানীয় আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে তিনটি পারিবারিক সহিংসতাজনিত হত্যার অভিযোগ আনা হয় এবং তিনি জামিন আবেদন করেননি।
তদন্তে পুলিশ ঘটনাটিকে অত্যন্ত সহিংস ও হৃদয়বিদারক পারিবারিক অপরাধ হিসেবে বর্ণনা করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
আদালত নথিতে উল্লেখ আছে, অভিযুক্ত ব্যক্তি পার্থে ঘটে যাওয়া আরেকটি পারিবারিক হত্যাকাণ্ডের খবর থেকে অনুপ্রাণিত হয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।
মামলার পরবর্তী শুনানি আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আদালত। ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।






















