ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
- প্রকাশের সময় : ১১:৫৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / 19
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজিবর খাঁ (৬০) ও তার স্ত্রী মোমেনা খাতুনের (৫৫) মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিবর খাঁ ওই গ্রামের একজন কৃষক ছিলেন।
স্বজনরা জানান, ভোরে নিজ বাড়িতে বৈদ্যুতিক ফ্যানের সাহায্যে ধান ওড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন মজিবর খাঁ। এ সময় ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর সেটি চালু না হওয়ায় তিনি ফ্যানটি পরীক্ষা করতে যান। একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ফ্যানটি তার বুকের ওপর পড়ে যায়।
স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তার স্ত্রী মোমেনা খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, “গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
























