হরিণাকুন্ডুতে দুর্ধর্ষ ডাকাতি, ২ লাখ টাকার মালামাল লুট
- প্রকাশের সময় : ০৬:২৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / 17
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় এক গৃহস্থ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র একটি ডাকাত দল পরিবারের সদস্যদের মারধর ও কুপিয়ে জখম করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার ৭ নম্বর রঘুনাথপুর ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের মো. শহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে ১০-১২ জনের মুখোশধারী ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে।
বাধা দিতে গেলে ডাকাতরা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে শহিদুল ইসলামসহ কয়েকজন আহত হন। পরে তারা ঘরের আলমারি ও ড্রয়ার ভেঙে স্বর্ণালঙ্কার, রূপার গহনা ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের দাবি, লুট হওয়া মালামালের বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।
এদিকে এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা নিয়মিত পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।























