বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত?
- প্রকাশের সময় : ০৭:২০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / 3
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমেছে। তেলের উচ্চমূল্য অব্যাহত থাকায় মুদ্রাস্ফীতির উদ্বেগ আরও বাড়ছে, যা কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সুদের হার কমানো থেকে নিরুৎসাহিত করতে পারে। এমন বাস্তবতায় সুদবিহীন সম্পদ স্বর্ণের প্রতি আগ্রহ কিছুটা কমেছে বিনিয়োগকারীদের, যার ফলে দামও পড়তির দিকে।
শুক্রবার (১ মে) বাংলাদেশ সময় বেলা ৩টা ৫২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৬৮ দশমিক ৮২ ডলারে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রে জুন ডেলিভারির জন্য গোল্ড ফিউচারস ১ দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ৫৭৯ দশমিক ৭০ ডলারে নেমেছে।
ইউবিএস-এর বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘স্বল্পমেয়াদে স্বর্ণের সঙ্গে তেলের দামের নেতিবাচক সম্পর্ক রয়েছে। কারণ এর ফলে সুদের হারে প্রভাব পড়ে।’
ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয় স্বর্ণকে। কিন্তু সুদের হার বেশি থাকলে এটি চাপের মুখে পড়তে পারে, কারণ তখন এটি যুক্তরাষ্ট্রের ট্রেজারির মতো সুদবাহী সম্পদের তুলনায় কম আকর্ষণীয় হয়ে ওঠে।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৭৩ দশমিক ২৭ ডলার, প্লাটিনাম ১ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৯৬০ দশমিক ৩০ ডলার এবং প্যালাডিয়াম ০ দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ৫১৫ দশমিক ৩৭ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে দেশের বাজারে এখন ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।



















