আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
- প্রকাশের সময় : ১১:৩৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / 36
আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। হরমুজ প্রণালির কাছে একটি ইরানি জাহাজ জব্দ করার ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় এ মূল্যবৃদ্ধি দেখা গেছে। সোমবার সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গেই তেলের দামে উল্লেখযোগ্য উল্লম্ফন ঘটে।
বাজার সংশ্লিষ্ট সূত্র জানায়, মার্কিন নৌবাহিনী একটি ইরানি পতাকাবাহী জাহাজ জব্দ করেছে, যেটি অবরোধ ভাঙার চেষ্টা করছিল। এর পরই মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায় এবং হরমুজ প্রণালিতে সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৬ দশমিক ২১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৬ ডলারে পৌঁছেছে। অন্যদিকে ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ২৭ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ১৪ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে শুক্রবার তেলের বাজারে বড় পতন হয়েছিল, যখন ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ইঙ্গিত দেয় এবং যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় আশাবাদ প্রকাশ করে। সেই সময় তেলের দাম ৯ শতাংশের বেশি কমে যায়।
তবে সোমবার পরিস্থিতি দ্রুত বদলে যায়। যুক্তরাষ্ট্র একটি ইরানি জাহাজ জব্দ করার পাশাপাশি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) প্রণালিতে চলাচলকারী দুটি জাহাজে হামলা চালায় এবং অবরোধ প্রত্যাহার না হলে প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারি দেয়।
ইরান এসব ঘটনাকে সামুদ্রিক দস্যুতা বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে এবং প্রতিশোধের হুমকি দিয়েছে। এতে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনা, সামরিক তৎপরতা এবং সরবরাহ শৃঙ্খলের অনিশ্চয়তার কারণে বৈশ্বিক তেল বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।























