নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা
- প্রকাশের সময় : ০২:২৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / 102
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ঘরের মাঠের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (১১ এপ্রিল) মিরপুরে নির্বাচক প্যানেল এই স্কোয়াড ঘোষণা করে।
সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে খেলা দলেই এবারও কোনো পরিবর্তন আনা হয়নি। ওই সিরিজে প্রত্যাশিত ফল না পেলেও আফিফ হোসেন ও সাইফ হাসানসহ বেশ কয়েকজন ক্রিকেটারের ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা।
দলে অধিনায়ক হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। স্কোয়াডে আরও রয়েছেন সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা।
আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড দল। সিরিজের প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৭ ও ২০ এপ্রিল মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ওয়ানডে হবে ২৩ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
এরপর ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ হবে ২ মে মিরপুরে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা কয়েকজন ক্রিকেটারকে এই সিরিজের জন্য দেশে ফিরিয়ে আনা হচ্ছে। মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও রিশাদ হোসেন ১৩ এপ্রিল দেশে ফিরবেন। মুস্তাফিজ সিরিজ শেষে আবার পিএসএলে যোগ দেবেন।
চলমান বিদ্যুৎ সাশ্রয় পরিকল্পনার কারণে সিরিজের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। ওয়ানডে ম্যাচগুলো দুপুর ১১টায় শুরু হবে এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে দুপুর ৩টায়।




















