দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স, মার্চে এলো ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার
- প্রকাশের সময় : ০৯:০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / 100
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা গত মার্চে দেশে পাঠিয়েছেন ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স, যা স্বাধীনতার পর দেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ।
বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, মার্চে রেমিট্যান্স এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫ হাজার ডলার, যা আগের মাস ফেব্রুয়ারির চেয়ে প্রায় ৭৩ কোটি ৫০ লাখ ডলার বেশি এবং গত বছরের একই সময়ের তুলনায় ৪৬ কোটি ডলার বেশি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স আসে ৩০২ কোটি ডলার, আর গত বছরের মার্চে এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৫ সালের মার্চে, যার পরিমাণ ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসে ২০২৫ সালের ডিসেম্বরে (৩২২ কোটি ৬৬ লাখ ডলার) এবং তৃতীয় সর্বোচ্চ আসে চলতি বছরের জানুয়ারিতে (৩১৭ কোটি ডলার)।
























