পেট্রোল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত রাশিয়ার

- প্রকাশের সময় : ০১:৪৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / 134

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির মধ্যে রাশিয়া ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির মন্ত্রিসভাকে খসড়া সিদ্ধান্ত তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে।
রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। দেশটির ভেতরে সরবরাহ ঠিক রাখা এখন প্রধান লক্ষ্য। এই নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত চালু থাকতে পারে।
গত বছর রাশিয়ার কিছু অঞ্চলে পেট্রোলের সংকট দেখা দিয়েছিল। ইউক্রেনে হামলার ফলে তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ার পর জ্বালানির চাহিদা বেড়ে যায়। এ কারণে রাশিয়া আগেও কয়েকবার রপ্তানি বন্ধ করেছিল। তবে এবার মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলছে। হরমুজ প্রণালীতে অস্থিতিশীলতার কারণে তেল পরিবহন ব্যয় বেড়েছে এবং তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই সিদ্ধান্ত অন্যান্য দেশকে বিপদে ফেলতে পারে। এছাড়া, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার কারণে মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বিমান চলাচলেও প্রভাব ফেলেছে।























