‘খামেনিকে হত্যার সুযোগের যুক্তি তুলে ধরে ট্রাম্পকে রাজি করান নেতানিয়াহু’

- প্রকাশের সময় : ১০:৫৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / 140

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযান শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফোনে খামেনিকে হত্যার সুযোগের কথা তুলে ধরে অভিযানের পক্ষে জোরালো যুক্তি দেন।
ট্রাম্প এবং নেতানিয়াহু দু’জনই সপ্তাহের শুরুতে গোয়েন্দা ব্রিফিং থেকে জানতেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার প্রধান সহযোগীরা তেহরানে তার কমপ্লেক্সে শীঘ্রই মিলিত হবেন। এতে তারা ‘ডিক্যাপিটেশন স্ট্রাইক’ বা শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলার জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবেন—এ ধরনের হামলা ইসরায়েল প্রায়ই চালায়, তবে যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে কম ব্যবহার করে।
তবে নতুন গোয়েন্দা তথ্য অনুযায়ী, ওই বৈঠকের সময় শনিবার রাত থেকে এগিয়ে শনিবার সকালে আনা হয় বলে জানা যায়। এই ফোনালাপের বিষয়টি আগে কখনো প্রকাশ্যে আসেনি। সূত্রগুলো জানায়, দীর্ঘদিন ধরে এমন একটি অভিযানের পক্ষে থাকা নেতানিয়াহু যুক্তি দেন—খামেনিকে হত্যার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর নাও আসতে পারে। পাশাপাশি তিনি ট্রাম্পকে লক্ষ্য করে ইরানের আগের হত্যাচেষ্টার প্রতিশোধ নেওয়ার কথাও তুলে ধরেন। এর মধ্যে ২০২৪ সালে ট্রাম্প প্রার্থী থাকাকালে তাকে হত্যার একটি ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে।
মার্কিন বিচার বিভাগ এক পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ এনেছে, যিনি যুক্তরাষ্ট্রে লোকজন নিয়োগের চেষ্টা করেছিলেন এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য। এটি ছিল যুক্তরাষ্ট্রের হাতে আইআরজিসির শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে।
ফোনালাপের সময় পর্যন্ত ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ধারণায় অনুমোদন দিলেও, কখন বা কোন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে, তা চূড়ান্ত করেননি বলে সূত্রগুলো জানায়।
এরই মধ্যে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ওই অঞ্চলে উপস্থিতি জোরদার করছিল, যা প্রশাসনের অনেকের কাছে ইঙ্গিত দেয়—শুধু সময়ের অপেক্ষা, কখন প্রেসিডেন্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
এর আগে খারাপ আবহাওয়ার কারণে একটি সম্ভাব্য তারিখ পিছিয়ে দেওয়া হয়েছিল। রয়টার্স নিশ্চিত করতে পারেনি, নেতানিয়াহুর যুক্তি ট্রাম্পের সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলেছিল। তবে ফোনালাপটি ছিল ট্রাম্পকে রাজি করানোর শেষ প্রচেষ্টা। সূত্রগুলো মনে করে, এই আলোচনা এবং খামেনিকে হত্যার সুযোগ দ্রুত ফুরিয়ে আসার গোয়েন্দা তথ্য—দুটিই ট্রাম্পের ২৭ ফেব্রুয়ারি ‘অপারেশন এপিক ফিউরি’ চালুর সিদ্ধান্তে প্রভাবক হিসেবে কাজ করে।
নেতানিয়াহু যুক্তি দেন, এই অভিযানের মাধ্যমে ট্রাম্প ইতিহাস গড়তে পারেন; ইরানি নেতৃত্ব পশ্চিমা বিশ্ব ও বহু ইরানির কাছে দীর্ঘদিন ধরেই ঘৃণিত। তিনি আরও বলেন, খামেনির মৃত্যু হলে ইরানের জনগণ রাস্তায় নেমে ধর্মভিত্তিক শাসনব্যবস্থা উৎখাত করতে পারে।
রয়টার্সের অনুসন্ধানে দেখা গেছে, নেতানিয়াহু ট্রাম্পকে যুদ্ধের দিকে ঠেলে দেননি। তবে তিনি অত্যন্ত কার্যকরভাবে নিজের অবস্থান তুলে ধরেন এবং ইরানের সেই নেতৃত্বকে হত্যার সুযোগ, যারা ট্রাম্পকে হত্যাচেষ্টায় জড়িত ছিল বলে অভিযোগ—এই বিষয়টি ট্রাম্পের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে প্রথম বোমা হামলা শুরু হয়। সেদিন সন্ধ্যায় ট্রাম্প ঘোষণা দেন, খামেনি নিহত হয়েছেন। সূত্র : রয়টার্স।























