যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে না ইরান, জানালেন ক্রীড়ামন্ত্রী
- প্রকাশের সময় : ০৮:২৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / 118
আসন্ন ফিফা বিশ্বকাপে ইরান অংশ নেবে কি না তা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা ও সমালোচনা চলছে। এর মধ্যেই ফুটবলের বৈশ্বিক এই আসরে ইরানকে আমন্ত্রণ জানানোর কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই আমন্ত্রণে সাড়া দিচ্ছে না ইরান।
চলমান পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার মতো অবস্থা নেই বলে জানিয়েছেন ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ ডোনিয়ামালি।
মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ার পর থেকেই ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর পাল্টা হামলা চালায় ইরান, যার প্রভাব ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে।
এক টেলিভিশন সাক্ষাৎকারে ডোনিয়ামালি বলেন, ‘এই দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার মতো কোনো অবস্থা নেই। আমাদের ওপর কয়েক মাসের ব্যবধানে দুইটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং এতে হাজারো মানুষ প্রাণ হারিয়েছে।’
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে ফুটবল খেলা সম্ভব নয়। তাই ইরান বিশ্বকাপে অংশ নেবে না বলেই সরকার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে ফিফা বিশ্বকাপ ২০২৬। সূচি অনুযায়ী গ্রুপ পর্বে লস অ্যাঞ্জেলেসে ইরানের খেলার কথা ছিল নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে। এছাড়া সিয়াটলে তাদের মুখোমুখি হওয়ার কথা ছিল মিসরের।
এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে আশ্বস্ত করেছেন যে ইরান দলকে বিশ্বকাপে স্বাগত জানানো হবে এবং তাদের অংশগ্রহণে কোনো বাধা দেওয়া হবে না। তবে ইরানের ক্রীড়ামন্ত্রীর সর্বশেষ বক্তব্যে সেই সম্ভাবনা এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।





















