কালুখালীতে রাতের আঁধারে কৃষকের ফসল নষ্ট
- প্রকাশের সময় : ১০:২৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / 230
রাজবাড়ীর কালুখালী উপজেলায় রাতের আঁধারে এক কৃষকের রসুন ও পেঁয়াজ ক্ষেত তুলে পাশের পুকুরে ফেলে নষ্ট করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত পিন্টু আলী মণ্ডলের পুত্র মো. আসমত মণ্ডল (৫৫)। তিনি চলতি মৌসুমে দুর্গাপুর মাঠে ৮ শতাংশ জমিতে রসুন ও ৪০ শতাংশ জমিতে পেঁয়াজ চাষ করেছিলেন।
সোমবার (৩ মার্চ) দুপুরে মাঠে গিয়ে সাংবাদিকদের তিনি জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার ক্ষেত থেকে রসুন ও পেঁয়াজ তুলে পাশের পুকুরে ফেলে দেয়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, অধিকাংশ ফসল নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, “অনেক কষ্ট করে চাষ করেছি। এভাবে ফসল নষ্ট করায় আমি দিশেহারা। প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।”
প্রতিবেশী কৃষক বাবু শিং বলেন, “যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। আজ আসমত ভাইয়ের ক্ষতি হয়েছে, কাল অন্য কারও হতে পারে।”
আরেক কৃষক আহম্মেদ আলী মণ্ডল বলেন, “আমরা কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করি। এভাবে ফসল নষ্ট হলে চাষাবাদ নিরুৎসাহিত হবে। দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করা দরকার।”
এ বিষয়ে কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষককে প্রণোদনার আওতায় আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
ঘটনার পর থেকে এলাকায় ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে জড়িতদের চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
























