বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে শঙ্কায় ইরান
- প্রকাশের সময় : ১০:৫১:৪১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / 136
চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ অনিশ্চয়তার মুখে পড়েছে। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপে খেলার বিষয়ে আশাবাদী হওয়া কঠিন।
গত শনিবার ইরানে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। একশটির বেশি শহরে বোমাবর্ষণের ঘটনায় মৃতের সংখ্যা সাড়ে পাঁচশ ছাড়িয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এমন প্রেক্ষাপটে ইরানের ফুটবল কার্যক্রমও বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছে। একটি স্থানীয় স্পোর্টস পোর্টালে দেওয়া সাক্ষাৎকারে মেহদী তাজ বলেন, ‘এই পরিস্থিতির পর বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আশাবাদী হওয়ার প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়।’
আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ‘জি’ গ্রুপে থাকা ইরানের সূচি অনুযায়ী, ১৬ জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার কথা তাদের। এরপর একই ভেন্যুতে ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৭ জুন সিয়াটলে, প্রতিপক্ষ মিশর।
১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে এবারের বিশ্বকাপ।
এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের ঘোষিত ভ্রমণ নিষেধাজ্ঞার প্রথম ধাপেই ইরানি সমর্থকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। সব মিলিয়ে রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও, যার বড় শিকার হতে পারে ইরানের বিশ্বকাপ মিশন।






















