‘যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য’— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি

- প্রকাশের সময় : ১০:১৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / 147

যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধে পরোক্ষভাবে যুক্ত হয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন, তারা ইরানের মিসাইল ব্যবস্থায় হামলা চালাতে তাদের ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়েছেন।
সোমবার এ ব্যাপারে একটি ভিডিও বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, যুদ্ধে প্রত্যক্ষ অর্থাৎ সরাসরি যুক্ত হবেন না তারা।
স্টারমার বলেন, উপসাগরীয় অঞ্চলের বন্ধু রাষ্ট্রগুলো তাদের রক্ষায় আরও জোরালো ভূমিকা রাখতে অনুরোধ করেছে। ব্রিটিশ যুদ্ধবিমানগুলো বর্তমানে আকাশপথে যৌথ প্রতিরক্ষা অভিযানে অংশ নিচ্ছে এবং ইতিমধ্যেই ইরানের ছোড়া বেশ কিছু হামলা সফলভাবে প্রতিহত করেছে।
তিনি বলেন, এই হুমকি পুরোপুরি বন্ধ করার একমাত্র উপায় হলো মিসাইলগুলোকে উৎসস্থলেই ধ্বংস করে দেওয়া। অর্থাৎ ইরানের যে গুদামে এগুলো রাখা আছে বা যে লঞ্চার দিয়ে ছোড়া হয়, সেগুলো ধ্বংস করা।
স্টারমার আরও জানান, যুক্তরাষ্ট্র ‘নির্দিষ্ট এবং সীমিত প্রতিরক্ষা স্বার্থে’ ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি চেয়েছে এবং যুক্তরাজ্য সেই অনুরোধ গ্রহণ করেছে। তাদের উদ্দেশ্য হলো ইরানকে থামানো, যাতে তারা পুরো অঞ্চলে মিসাইল ছুড়ে নিরীহ মানুষ হত্যা করতে না পারে, ব্রিটিশ নাগরিকদের জীবন ঝুঁকিতে না ফেলে এবং সংঘাতে জড়িত নয় এমন দেশগুলোতে হামলা না চালায়।
সূত্র: বিবিসি






















