‘যথেষ্ট হয়েছে, এবার ব্যাগ গুছিয়ে বিদায় নিন’

- প্রকাশের সময় : ০২:৪৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 2

কার্লো আনচেলত্তির কোচিং ক্যারিয়ারে সাফল্যের কমতি নেই। ইউরোপের ক্লাব ফুটবলে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। কিন্তু ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর সেই সাফল্যের প্রতিফলন কোথায়? জাপানের কাছে আরেকটি হারের পর এমন প্রশ্নই তুলেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিও। শুধু সমালোচনা করেই থামেননি, ইতালিয়ান এই কোচকে সরাসরি বিদায় নিতে বলেছেন তিনি।
খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত
শনিবার সিঙ্গাপুরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হেরেছে ব্রাজিল। ম্যাচের যোগ করা সময়ে গোল হজম করে হারের পর আনচেলত্তিকে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী রোমারিও। সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্টে লিখেছেন, ‘আনচেলত্তি, অনেক হয়েছে! এবার ব্যাগ গুছিয়ে বিদায় নিন। যেসব ক্লাবে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন, সেখানেই ফিরে যান। ব্রাজিল জাতীয় দলকে নিয়ে আমরা আর ঝুঁকি নিতে পারি না।’
আনচেলত্তির কোচিং দক্ষতা কিংবা অতীত অর্জন নিয়ে অবশ্য কোনো প্রশ্ন তোলেননি রোমারিও। তার আপত্তি ব্রাজিলের দায়িত্বে ইতালিয়ান কোচের পারফরম্যান্স নিয়ে। সাবেক বার্সেলোনা তারকার মতে, ক্লাব ফুটবলে আনচেলত্তি যত বড় কোচই হোন না কেন, জাতীয় দলের দায়িত্বে এখনো প্রত্যাশা পূরণ করতে পারেননি।
রোমারিও লিখেছেন, ‘আপনার অতীত সাফল্য নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। বিশ্ব ফুটবলের ইতিহাসে আপনি অন্যতম সেরা কোচ। কিন্তু সেসব সাফল্য ক্লাব ফুটবলে। ব্রাজিল জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত আপনি দেখাতে পারেননি, কেন আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা আর সহ্য করতে পারছি না।’
ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া
শুধু আনচেলত্তিকেই নয়, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির শাউদকেও কঠোর বার্তা দিয়েছেন বর্তমানে রাজনীতির সঙ্গে যুক্ত রোমারিও। জাতীয় দলের ভবিষ্যতের কথা ভেবে এখনই সাহসী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সিবিএফ সভাপতির উদ্দেশে রোমারিও লিখেছেন, ‘আপনি তরুণ, আপনি ব্রাজিলিয়ান। আমি বিশ্বাস করি, আপনি আমাদের ফুটবলের ভালো চান। এখন দেখানোর সময় এসেছে, সিদ্ধান্ত নেওয়ার সাহস আপনার আছে কি না।’
এরপর আরও কঠোর ভাষায় আনচেলত্তিকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন রোমারিও, ‘জাতীয় দলের জার্সি নিয়ে ছেলেখেলা করা যায় না। আমরা ইতিমধ্যে অনেক অপমান সহ্য করেছি। আরেকটি বিশ্বকাপ নষ্ট হওয়ার ঝুঁকি নিতে পারি না। বিশ্বকাপ হাতছাড়া হয়ে গেলে তখন কেঁদে কোনো লাভ হবে না। ব্যবস্থা নেওয়ার সময় এখনই।’



















