মতাদর্শের ভিন্নতাই গণতন্ত্রের সৌন্দর্য: এমপি মো. হারুন-অর-রশিদ
- প্রকাশের সময় : ০৪:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 74
পাংশা উপজেলাতে কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন রাজবাড়ী–২ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হকের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ, পাংশা মডেল থানা-র অফিসার ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবাদত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান, উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
মতবিনিময় সভায় নবনির্বাচিত সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ বলেন, মতাদর্শের ভিন্নতা গণতন্ত্রের সৌন্দর্য। তবে জনগণের সমর্থনে নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়ার পর আর কোনো ভেদাভেদ থাকবে না। সকল ধর্ম ও বর্ণের মানুষের স্বার্থে সমানভাবে কাজ করা হবে। যারা তাকে ভোট দেননি, তারাও যদি অবহেলিত থাকেন, অগ্রাধিকার ভিত্তিতে তাদের সমস্যার সমাধান করা হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা দেশে প্রথম ধাপে ১৪টি স্থানে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এর মধ্যে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়ন-এর একটি ওয়ার্ড অন্তর্ভুক্ত রয়েছে। এতে বোঝা যায়, কেন্দ্রীয় নেতৃত্বের বিশেষ নজর রয়েছে পাংশার উন্নয়নের ওপর। তিনি জানান, জেলার জন্য একজন প্রতিমন্ত্রী এবং একজন পূর্ণ মন্ত্রী মর্যাদার উপদেষ্টা পাওয়া গেছে, যা রাজবাড়ীর উন্নয়নে সহায়ক হবে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, গণমাধ্যম সমাজের বাস্তব চিত্র তুলে ধরে। তিনি ও তার দল সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পক্ষে এবং সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে কাজ করবে।


























