পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী
- প্রকাশের সময় : ০৬:৫১:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / 154
চাঁদা দাবিকে কেন্দ্র করে রাজধানীর একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এসব বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। এ সময় পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে বলে উল্লেখ করেন মন্ত্রী।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাজধানীর আদাবরে একটি অফিসে হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তার কানে এসেছে এবং তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের টপ লেভেলে পরিবর্তন আসবে কি না— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কিছু পরিবর্তন আসবেই।
এ সময় সংসদ অধিবেশন প্রসঙ্গে তিনি জানান, মার্চের ১২ তারিখে সংসদ অধিবেশন আহ্বান করা হবে।
রাষ্ট্রপতির প্রজ্ঞাপনের মাধ্যমে অধিবেশন ডাকা হবে এবং প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই তা অনুষ্ঠিত হবে। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। প্রথা অনুযায়ী শোক প্রস্তাব ও রাষ্ট্রপতির ভাষণ থাকবে।
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।






















