পাকিস্তানকে উড়িয়ে সুপার এইটে ভারত
- প্রকাশের সময় : ১১:৩১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 136
সবার আগ্রহের কেন্দ্রে থাকা ভারত–পাকিস্তান ম্যাচটি শেষ পর্যন্ত একপেশেই হয়েছে। টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে সূর্যকুমার যাদবের দল। তিন ম্যাচ শেষে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে রয়েছে ভারত। অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে পাকিস্তান, তাদের ঠিক ওপরে অবস্থান যুক্তরাষ্ট্রের।
১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। হার্দিক পান্ডিয়ার প্রথম ওভারেই সাজঘরে ফেরেন সাহিবজাদা ফারহান। জাস্প্রিত বুমরাহর দ্বিতীয় ওভারে আউট হন সাইম আইয়ুব ও সালমান আলী আগা। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই থামে বাবর আজমের ইনিংস। চার উইকেট হারিয়ে ব্যাকফুটে পড়ে যায় দলটি। উসমান খান ও শাদাব খান কিছুটা প্রতিরোধ গড়লেও হার এড়ানো যায়নি। পাকিস্তানের ইনিংস শেষ হয় ১১৪ রানে।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন উসমান খান। শাদাব খান করেন ১৪ রান, ফাহিম আশরাফ ১০ এবং শাহিন আফ্রিদি করেন ২৩ রান। বাকিদের কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
এর আগে কলম্বোতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। অধিনায়ক সালমান আলী আগা প্রথম ওভারেই আউট করেন ওপেনার অভিষেক শর্মাকে। এরপর তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে চাপ সামলে নেন ইষাণ কিষাণ। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২৭ বলেই ফিফটি তুলে নেন তিনি এবং শেষ পর্যন্ত ৪০ বলে ৭৭ রান করেন, যার মধ্যে ছিল ১০ চার ও ৩ ছক্কা।
পরে তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব ৩৭ রানের জুটি গড়েন। তিলক ২৪ রানে আউট হন, পরের বলেই ফিরে যান হার্দিক পান্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান তোলে ভারত।
এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের সুপার এইট পর্বে জায়গা নিশ্চিত করেছে তারা।






















