গ্রিনল্যান্ডে হস্তক্ষেপ করলে “আগে গুলি, পরে প্রশ্ন”: ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ডেনমার্কের

- প্রকাশের সময় : ০১:৪১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / 203

ডেনমার্কের গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে দেশটির সরকার। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গ্রিনল্যান্ডে কোনো বিদেশি বাহিনী প্রবেশ করলে ডেনিশ সেনারা ‘আগে গুলি চালাবে, পরে প্রশ্ন করবে’।
মন্ত্রণালয় জানায়, এই নীতি ১৯৫২ সাল থেকে কার্যকর রয়েছে এবং এখনো বহাল আছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে প্রকাশ করেছেন, আর্কটিক অঞ্চলে প্রতিপক্ষের প্রভাব রোধের জন্য গ্রিনল্যান্ড অধিগ্রহণ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, বিভিন্ন বিকল্পের মধ্যে সামরিক বাহিনী ব্যবহারও অন্তর্ভুক্ত, যা কমান্ডার ইন চিফ হিসেবে প্রেসিডেন্টের এখতিয়ারভুক্ত।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আগামী সপ্তাহে তিনি ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি বলেন, ট্রাম্প গ্রিনল্যান্ড কিনতে চান, কিন্তু সামরিক শক্তি প্রয়োগের পথে যেতে চান না। ডেনমার্কও এই সংলাপকে স্বাগত জানিয়েছে।
ডেনমার্ক বারবার জানিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রের কোনো সামরিক হামলা ন্যাটো জোট ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ইউরোপীয় নিরাপত্তা কাঠামোর জন্য গুরুতর প্রভাব ফেলবে।
ট্রাম্পের যুক্তি অনুযায়ী, আর্কটিকে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাবের মুখে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ প্রয়োজন।

























