পাকিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প

- প্রকাশের সময় : ০১:০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / 192

পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
শুক্রবার ৯ জানুয়ারি ভোরে এই কম্পন টের পাওয়া যায়।
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানায়, স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে তাজিকিস্তান–শিনজিয়াং সীমান্ত অঞ্চলে ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১৫৯ কিলোমিটার।
এ বিষয়ে দ্য ডন এক প্রতিবেদনে জানায়, ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী মোমেন্ট ম্যাগনিটিউড স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩ এবং এর উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তান, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৪০ কিলোমিটার গভীরে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, এই ভূমিকম্পের প্রভাব পাকিস্তান ছাড়াও তাজিকিস্তান, চীন ও আফগানিস্তানে অনুভূত হয়েছে। পাকিস্তানের ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, পাকিস্তান আরবিয়ান, ইউরো-এশিয়ান ও ভারতীয়—এই তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। একাধিক ফল্ট লাইনের কারণে দেশটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত এবং এখানে নিয়মিত ভূকম্পন ঘটে।























